সৌরভ গাঙ্গুলির বায়োপিকে দোনার ভূমিকায় তান্যা মানিকতলা, জোর কদমে শ্যুটিং কলকাতায়

সৌরভ গাঙ্গুলির বায়োপিকের শ্যুটিং চলছে কলকাতায়। রাজকুমার রাও 'দাদা'র ভূমিকায়, আর ডোনার চরিত্রে তান্যা মানিকতলা। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ কলকাতায় জোর কদমে চলছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিকের শ্যুটিং। পরিচালক বিক্রমাদিত্য মেটওয়ানীর তত্ত্বাবধানে এই ছবিতে ‘দাদা’র চরিত্রে অভিনয় করছেন বলিউড তারকা রাজকুমার রাও। জানা গিয়েছে, মূলত কলকাতা ও মুম্বইয়ে শ্যুটিংয়ের কাজ চলবে। সম্প্রতি কলকাতার এরিয়ান ক্লাব, সৌরভের পৈতৃক বাড়ির সামনে, ইডেন গার্ডেন্স, বেহালা এবং যেখানে তাঁর ক্রিকেট জীবনের হাতেখড়ি হয়েছিল সেই দুখিরাম কোচিং সেন্টারেও শ্যুটিংয়ের দৃশ্য ক্যামেরাবন্দী করা হয়েছে।

বৃহস্পতিবার এরিয়ান ক্লাবের মাঠে সৌরভের ক্রিকেট খেলার দৃশ্য ধারণ করা হয়। রাজকুমার রাওকে হুবহু সৌরভের মতো করেই মাঠে ঘাম ঝরাতে দেখা যায়। গালে সান গার্ড রঙ মেখে রাজকুমার এতটাই সাবলীল ছিলেন যে, পর্দার নায়ক নাকি খোদ সৌরভ গাঙ্গুলি, তা বোঝাই যাচ্ছিল না। এমনকি, এক খুদে সমর্থকের জামা খুলে ঘোরানোর দৃশ্য লর্ডসের সেই ঐতিহাসিক মুহূর্তের কথা মনে করিয়ে দেয়। ব্যাট হাতে রাজকুমারের শট খেলার দৃশ্যও ক্যামেরাবন্দী হয়েছে। এই ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলির ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী তান্যা মানিকতলাকে। সৌরভের মা নিরূপা গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য এবং বাবা চণ্ডী গাঙ্গুলির ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়।

এর আগে চণ্ডী গাঙ্গুলির চরিত্রে বোম্যান ইরানির অভিনয়ের কথা শোনা গেলেও, শেষ পর্যন্ত শাশ্বতকেই বেছে নেওয়া হয়েছে। সৌরভ ও ডোনার প্রেম পর্বের দৃশ্যও শ্যুটিং হয়েছে, যেখানে দোতলার বারান্দায় এক কিশোরীকে পাশের বাড়ির গেটের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। সব মিলিয়ে, সৌরভের ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত জীবনের বিভিন্ন দিক এই বায়োপিকে তুলে ধরা হবে, যা দর্শকদের কাছে এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।