ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল শিবিরে নতুন করে উদ্বেগ। প্রথম অনুশীলনেই দেখা যায়নি দলের তারকা ফরোয়ার্ড নেইমারকে। কাফ মাসলে চোটের কারণে তাঁর ফিটনেস নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন সূত্রে খবর, ডান পায়ের আঘাতের জায়গা পরীক্ষা করা হচ্ছে। তাই তেরেসোপোলিসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেও অনুশীলনে অনুপস্থিত ছিলেন নেইমার।
১৭ মে সান্তোসের হয়ে কোরিতিবার বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান নেইমার। এরপর থেকেই তিনি মাঠের বাইরে। দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে ইতিমধ্যেই একাধিক মেডিক্যাল টেস্ট ও এমআরআই স্ক্যান সম্পন্ন হয়েছে। চোট কতটা গুরুতর, তা নিশ্চিত হতে আরও পরীক্ষা চলছে বলে জানা গেছে। এই মুহূর্তে কোনও ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। আগামী রবিবার পানামার বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচে নেইমারের খেলা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ৫ জুন মিশরের বিরুদ্ধে আরও একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে।
টুর্নামেন্টের আগে পুরোপুরি ফিটনেস ফিরে পাওয়াই এখন নেইমারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ২০২৩ সালের অক্টোবর মাসে এসিএল চোট পাওয়ার পর প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। এবার বিশ্বকাপ দিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ব্রাজিল কোচ কার্লো অ্যান্সেলোত্তি আগেই জানিয়েছেন, শতভাগ ফিট না হলে কাউকে মাঠে নামানো হবে না। নেইমার ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাঁর রিকভারি টাইমলাইন এখন ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় উদ্বেগের কারণ। বিশেষজ্ঞদের মতে, চোটের পরিস্থিতি বদলালে কোচের সিদ্ধান্তও পাল্টাতে পারে।








