কোরআন অবমাননার অভিযোগে মমতার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের

কোরআন অবমাননার অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করলেন বিজেপি নেত্রী নাজিয়া ইলাহী খান। রেড রোডে ঈদের নমাজে মহিলাদের উপস্থিতি নিয়ে বিতর্ক।

Share:

ব্যুরো নিউজ, ৩০ মে ২০২৬ঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  বিরুদ্ধে কোরআন অবমাননার গুরুতর অভিযোগ তুলে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এই অভিযোগের নিশানায় রয়েছেন তৃণমূল বিধায়ক জাভেদ আহমেদ খান  এবং খিলাফত কমিটিও। বিজেপি নেত্রী নাজিয়া ইলাহী খান  কলকাতার প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগটি দায়ের করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে এবং রাজনৈতিক চাপানউতোর তীব্র আকার ধারণ করেছে।

অভিযোগকারী নাজিয়া ইলাহী খানের দাবি, ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত রেড রোডে ঈদের নমাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি মুসলিম নিয়ম বিরোধী। তাঁর মতে, মুসলিম সম্প্রদায়ের বিধান অনুযায়ী, নমাজের সময় পুরুষদের জমায়েতে মহিলাদের উপস্থিতি ইসলাম-বিরোধী। বিধায়ক জাভেদ খান এবং খিলাফত কমিটি এই উপস্থিতিকে সমর্থন জানিয়ে কোরআনের নিয়ম লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। নাজিয়া ইলাহী খান আরও অভিযোগ করেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপস্থিতি ইসলাম ধর্মের পবিত্রতা নষ্ট করেছে এবং মুসলিম সমাজের ভাবাবেগে আঘাত হেনেছে।

বিজেপি নেত্রী তাঁর অভিযোগে আরও জানিয়েছেন যে, রেড রোডে ঈদের নামাজের আয়োজন করে কোরআনের নিয়ম লঙ্ঘন করা হয়েছে, সাম্প্রদায়িক ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে এবং জনপথের অপব্যবহার করা হয়েছে। তিনি সাম্প্রদায়িক উস্কানি ও হুমকির অভিযোগ জানিয়ে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের অনুরোধ করেছেন এবং এফআইআর হিসাবে গ্রহণ করার আবেদন জানিয়েছেন। স্বাভাবিকভাবেই এই অভিযোগের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে।