ব্যুরো নিউজ, ৩০ মে ২০২৬ঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং ওড়িশার উপর ঘূর্ণাবর্তের প্রভাবে গত শুক্রবারের মতো রবিবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। গতকাল মাঝ দুপুরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে তুমুল ঝড়-বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়েছিল। ট্রেন চলাচলও সাময়িকভাবে বিঘ্নিত হয়।
আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ রবিবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতায় রবিবার সকালে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহ থেকে ঝড়-বৃষ্টির দাপট কমবে।
হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টি থামার পর বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করবে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা বর্ষা প্রবেশের আগেই ফের গরমের দাপট বাড়াবে। অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টি দুর্যোগ কাটেনি। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, মালদা ও দিনাজপুরে তা ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। যদিও আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে।








