ব্যুরো নিউজ, ৩০ মে ২০২৬ঃ অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম ফিলআপ নিয়ে রাজ্যজুড়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে আসরে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিধাননগর হাসপাতাল থেকে বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সারের প্রতিষেধক টিকাকরণ কর্মসূচির উদ্বোধনের মঞ্চ থেকেই তিনি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে গুরুত্বপূর্ণ আশ্বাসবাণী দেন।
মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা কেউ বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না। যাঁরা ফর্ম ফিলআপ করতে পারবেন না, আমাদের লোকেরা বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম পূরণ করতে সাহায্য করবেন।” সম্প্রতি অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে ১২ পাতার দীর্ঘ ফর্ম পূরণ করার কথা জানানো হয়। এই ফর্ম পূরণ নিয়ে মহিলাদের একাংশের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়। সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গুজব থেকে দূরে থাকার আহ্বান জানান।
তিনি স্পষ্ট করে দেন যে, সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে এবং প্রকৃত প্রাপকদের হাতেই এই প্রকল্পের অর্থ পৌঁছে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও ব্যাখ্যা করেন, “আমরা চাই না কোনও অ-ভারতীয়ের হাতে এই টাকা যাক। পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক, তা আমরা চাই না।” লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে সকল পুরুষ পাচ্ছিলেন, তাঁদের গ্রেপ্তারের ঘটনা উল্লেখ করে তিনি সরকারের কঠোর অবস্থানের কথা জানান।
আগামী বুধবার থেকে অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের ৩ হাজার টাকা করে ট্রান্সফার শুরু হবে বলেও তিনি জানান। সংকল্পপত্রের প্রতিটি প্রতিশ্রুতি পূরণে সরকার বদ্ধপরিকর, এই আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।








