ব্যুরো নিউজ, ৩১ মে ২০২৬ : সোনারপুরে এক প্রকাশ্য কর্মসূচিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবারের এই ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনার সময়কার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হামলার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা, তা জানার চেষ্টা চলছে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ২৬ দিন পর এই ঘটনা ঘটল। তৃণমূলের অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃতভাবে দেরিতে ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে। হামলার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পৌঁছান। মুখ্যমন্ত্রীর অভিযোগ, হাসপাতালে ঠিকমতো চিকিৎসা না হওয়ায় অভিষেককে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার চেষ্টা হয়, কিন্তু সেখানেও ভর্তি নিতে অস্বীকার করা হয়। পরে অভিষেককে তাঁর বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অভিষেকের বুকে রক্ত জমাট বেঁধেছে। এই ঘটনার পর থেকেই হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হয়েছিল তৃণমূল নেতৃত্ব। দলের তরফে কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করে দাবি করা হয়েছে যে, ধৃত হামলাকারীদের কয়েকজনের সঙ্গে বিজেপির সরাসরি যোগসূত্র রয়েছে। অন্যদিকে, জাতীয় রাজনীতিতেও এই ঘটনার রেশ পৌঁছেছে। রাহুল গান্ধী থেকে অরবিন্দ কেজরীওয়াল সহ ‘ইন্ডিয়া’ জোটের একাধিক শীর্ষ নেতা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।










