এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী প্রতিভাবান প্যারা-অ্যাথলিট চিরাগ ত্যাগী সতীর্থের ঈর্ষায় খুন

এশিয়ান গেমসের জন্য যোগ্যতা অর্জন করেও অংশগ্রহণ করতে পারলেন না প্যারা-অ্যাথলিট চিরাগ ত্যাগী। সতীর্থের ঈর্ষায় খুন হলেন এই প্রতিভাবান খেলোয়াড়।

Share:

ব্যুরো নিউজ, ৩১ মে ২০২৬ঃ দেশের অন্যতম প্রতিভাবান প্যারা-অ্যাথলিট চিরাগ ত্যাগী এশিয়ান গেমসের জন্য যোগ্যতা অর্জন করেও সেখানে অংশগ্রহণ করতে পারলেন না। গত শনিবার গাজিয়াবাদে তাঁর মৃতদেহ উদ্ধার হয়, যা ক্রীড়ামহলে গভীর শোকের ছায়া ফেলেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, চিরাগ তাঁর এক সতীর্থের হাতেই খুন হয়েছেন। তাঁর দেহে একাধিক বুলেটের আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশ সূত্রে খবর, হিংসার কারণেই খুন হয়েছেন চিরাগ।

ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের সাহায্যে পুলিশ যশ খাটিক নামে আরও এক প্যারা-অ্যাথলিটকে আটক করেছে। চিরাগ সম্প্রতি জাতীয় চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন এবং চলতি বছরের অক্টোবরে জাপানে আয়োজিত এশিয়ান প্যারা গেমসে পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন। তাঁর এই উজ্জ্বল সম্ভাবনা অকালে শেষ হয়ে গেল। জানা গিয়েছে, গত বুধবার চিরাগ বাড়ি থেকে হস্টেলে যাওয়ার পর তাঁর সঙ্গে পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারেননি। উদ্বিগ্ন পরিবার পুলিশে খবর দিলে গত শনিবার তাঁর দেহ উদ্ধার হয়।

সিসিটিভি ফুটেজ দেখে যশ খাটিককে আটক করা হয়। একসময় চিরাগ ও যশ একইসঙ্গে অনুশীলন করতেন। কয়েকদিন আগে চিরাগ যশের নথিপত্রের সমস্যা নিয়ে অভিযোগ করেন, যার ফলে যশ ডিসকোয়ালিফাই হন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঈর্ষার কারণেই যশ নির্জন স্থানে ডেকে চিরাগকে গুলি করে খুন করেছেন। যশকে দীর্ঘ জেরার পর গ্রেফতার করা হয়েছে এবং ঘাতক পিস্তলের সন্ধান চলছে। চিরাগের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।