ব্যুরো নিউজ, ৩১ মে ২০২৬ঃ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাসপাতালে ভর্তি হওয়াকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। রবিবার পূর্ব বর্ধমানের এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, “অ্যাসিড হলেই যদি হাসপাতালে ভর্তি করতে হয়, তাহলে তো হাসপাতালে এক লক্ষ করে বেড রাখতে হবে। আর আমরা জানি, ওসব নাটক।” সন্দেশখালিতে তাঁর উপর আক্রমণের কথাও স্মরণ করিয়ে দেন সুকান্ত।
বিধানসভা ভোটে তৃণমূলের হারের ২৬ দিন পর শনিবার প্রথম প্রকাশ্য কর্মসূচিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁকে চরম জনরোষের মুখে পড়তে হয়। ডায়মন্ড হারবারের সাংসদকে লক্ষ্য করে কাঁচা ডিম, ইট ছোড়া হয় এবং হেলমেট খুলে কিল-চড়-ঘুষি মারা হয়। পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সাহায্যে তাঁকে উদ্ধার করা হয়। কলকাতায় ফিরে অভিষেককে প্রথমে ইএম বাইপাসের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর মধ্য কলকাতার আরেকটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হলেও, তাঁকে ভর্তি করার প্রয়োজন হয়নি বলেই হাসপাতাল সূত্রে খবর।
এই ঘটনার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষকে চাপ দেওয়া হয়েছে। যদিও সুকান্ত মজুমদার পাল্টা প্রশ্ন তোলেন, “সিআইডি সোমবার ডেকেছে। তার আগে যদি হাসপাতালে ভর্তি হওয়া যায়, তাহলে সিআইডির কাছে যেতে হবে না।” বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই ঘটনাকে ‘তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল’ বলে মন্তব্য করেন। অন্যদিকে, ইন্ডিয়া ব্লকের একাধিক নেতা অভিষেকের পাশে দাঁড়িয়েছেন। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।








