ব্যুরো নিউজ, ১ জুন ২০২৬ঃ সুখের দিন শেষ, ফের অস্বস্তিকর গরমের দাপট শুরু হচ্ছে বঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার অর্থাৎ মাসের শুরু থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে গরম বাড়তে চলেছে। যদিও বিক্ষিপ্তভাবে কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। তবে তাপপ্রবাহ বা লু-এর মতো পরিস্থিতি থাকবে না বলে খবর।
আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা শহরের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে মৌসম ভবন।
হাওয়া অফিস আরও জানিয়েছে, বিদর্ভের উপর অবস্থিত ঘূর্ণাবর্ত থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থিত ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ ছত্তিশগড়, দক্ষিণ ওড়িশা এবং উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় বিস্তৃত রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গলবারে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে, বিশেষত দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সামগ্রিকভাবে, রাজ্যজুড়ে ভ্যাপসা গরমের অনুভূতি বাড়বে।








