ব্যুরো নিউজ, ১ জুন ২০২৬ : অবশেষে জল্পনার অবসান। ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ছাড়ার কথা ঘোষণা করলেন দলের কোচ অস্কার ব্রুজোঁ।
সোমবার, ১ জুন, তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্ট করে এই খবর জানান। তাঁর সঙ্গে ক্লাব ছাড়ছেন সহকারী কোচ আদ্রিয়ান ও ফিটনেস ট্রেনার হাভিয়েরও। স্প্যানিশ এই কোচের হাত ধরেই ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইস্টবেঙ্গল জিতেছে আইএসএল। সুভাষ ভৌমিকের পর তিনিই প্রথম কোচ যিনি এই দলকে জাতীয় লিগ জেতাতে সক্ষম হয়েছেন। এক সময় লিগের তলানিতে থাকা দল আইএসএল চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত ছিল সমর্থকরা। কিন্তু এই সাফল্যের মাঝেই কোচের ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অনেকেই হতাশ।
ব্রুজোঁ তাঁর পোস্টে জানিয়েছেন, ৩১ মে তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হয়েছে। তিনি বলেন, “ISL জয়ের সাফল্য ছিল ঐতিহাসিক, আর সেই অর্জনের পেছনে সিনিয়র দলের প্রতিটি সদস্যের অবদান রয়েছে। শুধু দক্ষ ফুটবলার হিসেবেই নয়, মানুষ হিসেবেও দলের সদস্যরা ছিলেন অসাধারণ।”
তিনি আরও উল্লেখ করেন, ফুটবলে দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য পরিকল্পনা, স্থিতিশীলতা এবং সময়োপযোগী সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদায়ী বার্তায় তিনি ফুটবলার, কোচিং স্টাফ, স্পনসর ইমামি, ক্লাব কর্তা এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ইস্টবেঙ্গল এফসি সবসময় তাঁর হৃদয়ে বিশেষ জায়গা দখল করে থাকবে।








