ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ ভোট মিটতেই ফের সমস্যার মুখে উত্তরবঙ্গের হলদিবাড়ি ও জলপাইগুড়ির হাজার হাজার মানুষ। নির্বাচনকে কেন্দ্র করে গত ১১ মার্চ ঘটা করে হলদিবাড়ি থেকে বালুরঘাট এবং বামনহাটগামী দুটি প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু হয়েছিল। কিন্তু ভোট শেষ হতেই আচমকাই সেই ট্রেন দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা।
সূত্রের খবর অনুযায়ী, গত ২২ মে অজ্ঞাত কারণে শিলিগুড়ি থেকে হলদিবাড়ি পর্যন্ত এই দুটি ট্রেন বাতিল করা হয়। এরপর দফায় দফায় বাতিলের মেয়াদ বাড়িয়ে শেষ পর্যন্ত ৮ জুন পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম এই বিষয়ে কোনও স্পষ্ট কারণ জানাননি। ট্রেন বন্ধ হওয়ায় বালুরঘাটে পড়াশোনা করতে যাওয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে শিলিগুড়ির মেডিকেল কলেজে রোগী দেখাতে যাওয়া মানুষজন, সকলেই সমস্যায় পড়েছেন।
এক নিত্যযাত্রী জানান, সকালে শিলিগুড়ি যাওয়ার জন্য এই ট্রেন দুটি খুবই সুবিধাজনক ছিল, এখন বিকল্প পরিবহনের অভাবে চরম অসুবিধায় পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে ‘হলদিবাড়ি-জলপাইগুড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চ’ ট্রেন পরিষেবা স্বাভাবিক করার দাবিতে সরব হয়েছে। সংগঠনের সম্পাদক জানান, হলদিবাড়ি স্টেশনকে অমৃত ভারত স্টেশন হিসেবে গড়ে তোলা হলেও রেল পরিষেবায় এই অঞ্চল অনেকটাই পিছিয়ে। দিল্লি বা চেন্নাইয়ের মতো দূরপাল্লার কোনও ট্রেন এখান থেকে চলে না, শুধুমাত্র কলকাতাগামী দুটি ট্রেন চলে, যার মধ্যে একটি ত্রি-সাপ্তাহিক। অবিলম্বে এই পরিষেবাগুলি পুনরায় চালু করার দাবি জানিয়েছেন তাঁরা।








