ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ ছাব্বিশের বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছে। আমজনতার পাশাপাশি দলের অন্দরেও অসন্তোষ দানা বাঁধছে বলে খবর। এই পরিস্থিতিতে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।
সম্প্রতি এক সাংবাদিক সাক্ষাৎকারে অধীরবাবু জানান, “মমতা বন্দ্যোপাধ্যায়ই ভালো বলতে পারবেন যে তাঁর দলের অবস্থা কি! এখনও এক মাসও হয়নি। এর মধ্যেই তৃণমূল দল প্রায় উঠবো উঠবো করছে।” তাঁর দাবি, তৃণমূলের জনপ্রতিনিধিরা মনে করছেন যে মমতার সঙ্গে থাকলে তাঁদের সমূহ বিপদ। তাই দল ছাড়ার হিড়িক সারা পশ্চিমবঙ্গ জুড়েই শুরু হয়ে গিয়েছে। তিনি আরও বলেন, এমএলএরা মনে করছেন তাঁদের আর এই দল করে লাভ নেই। ফলে আগামী দিনে তৃণমূল ৮০টা এমএলএ পেলেও বিরোধী দলের সম্মান পাবে কি না, তা নিয়ে তাঁর সন্দেহ রয়েছে।
অন্যদিকে, তৃণমূলের প্রবীণ সাংসদ সুখেন্দু শেখর রায়ও দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, সংগঠনের ভেতরে কর্মী ও দীর্ঘদিনের নেতাদের মতামতের কোনো দাম থাকছে না। গুটিকয়েক ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণ করছেন, ফলে বাস্তব পরিস্থিতির প্রতিফলন নেতৃত্ব অবধি পৌঁছাচ্ছে না। সুখেন্দুবাবু আরও বলেন, “আমি যা দেখছি তা অত্যন্ত ভয়াবহ। এই দলের আয়ু মাত্র কয়েকদিন। সবটাই তাসের ঘরের মত ভেঙে পড়তে চলেছে।” দুই বর্ষীয়ান নেতার এই মন্তব্য রাজ্যের শাসক দলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা উসকে দিয়েছে।








