ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা, রিগিং এবং দলের নির্বাচিত প্রতিনিধিদের উপর প্রশাসনিক চাপ সৃষ্টির অভিযোগ তুলে তিনি পথে নামেন। ধর্নামঞ্চ থেকে বিজেপিকে উৎখাত করার কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী। তাঁর হুঙ্কার, “বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। বিজেপিকে সরিয়েই ছাড়ব।” এই কর্মসূচিতে যোগ দেন একাধিক তৃণমূল নেতৃত্ব ও কর্মী-সমর্থক।
মমতা বলেন, “বেআইনিভাবে দলের বিধায়ক, কাউন্সিলর, প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে। তৃণমূল কর্মীদের বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না।” তিনি স্পষ্ট জানান, তৃণমূল ভয় পাবে না, বরং পথে নেমে লড়াই চালিয়ে যাবে এবং সংবিধান রক্ষা করবে। সোমবার ফেসবুক লাইভে এসেও মমতা একই অভিযোগ করেছিলেন। তাঁর দাবি ছিল, ভয়, প্রলোভন ও প্রশাসনিক চাপকে হাতিয়ার করে তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিদের দল ছাড়তে বাধ্য করার চেষ্টা চলছে। এদিন ধর্নামঞ্চ থেকেও তিনি দিল্লি থেকে বিজেপি সরকারের ‘চক্রান্তের’ কথা উল্লেখ করেন।
মমতার কথায়, “যেখানে জায়গা পাব বসে যাব, আমাকে আটকাতে পারবেন না।” তিনি অভিযোগ করেন, রাত সাড়ে ১২টায় পুলিশ ওয়াই চ্যানেলে কর্মসূচির অনুমতি চেয়ে বিরোধী স্বরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিজেপিকে নিশানা করে মমতা প্রশ্ন তোলেন, “সো-কলড জিতেও স্বস্তি পাচ্ছেন না, তাহলে কি ভয় পাচ্ছেন?”








