মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব, ৩ দিনের মধ্যে হাজিরা দিতে হবে বিধাননগর দক্ষিণ থানায়

মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল বিধাননগর দক্ষিণ থানা। টিকিট কালোবাজারি, প্রতারণাসহ একাধিক অভিযোগে ৩ দিনের মধ্যে হাজিরা দিতে হবে তাঁকে।

Share:

ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ মেসি কাণ্ডে এবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপর চাপ আরও বাড়ল। বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয়েছে তাঁকে। আগামী ৫ জুনের মধ্যে তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ‘গোট’ কনসার্টের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত। গত ১৭ মে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি এবং প্রতারণা।

শতদ্রুর অভিযোগ, মেসি ইভেন্টের প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি করেছেন প্রাক্তন মন্ত্রী। এছাড়াও, তাঁর আরও অভিযোগ ছিল যে, অরূপ বিশ্বাস প্রভাব খাটিয়ে বিনা অনুমতিতে মেসির কাছাকাছি চলে এসেছিলেন এবং তাঁর গায়ে হাতও দিয়েছিলেন। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই পুলিশ এবার অরূপ বিশ্বাসকে তলব করল। অরূপকে পুলিশি তলব প্রসঙ্গে শতদ্রু দত্ত বলেন, “আগেই ডাকা উচিত ছিল। নতুন সরকারের এই পদক্ষেপকে আমি স্বাগত জানাচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেন যে, তাঁকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এবং তৎকালীন সরকার নিজেদের মন্ত্রীকে বাঁচাতে তাঁকে গ্রেপ্তার করেছিল। উল্লেখ্য, যুবভারতীতে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসিকে ঘিরে বিশৃঙ্খলা মামলায় এর আগে ইভেন্টের মূল আয়োজক শতদ্রু দত্তকেই প্রথমে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি জামিন পান। রাজ্যে পালাবদলের পর এই কাণ্ডের ফাইল খোলার হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। এরপরই প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন শতদ্রু। সোশ্যাল মিডিয়ায় এফআইআর কপি পোস্ট করে তিনি ‘সত্যমেব জয়তে’ লিখেছিলেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিপিকে ধন্যবাদ জানিয়েছিলেন। এই তলব সেই ঘটনারই পরবর্তী ধাপ।