ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী মুখার্জি পাল সম্প্রতি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। রাজ্যের প্রশাসনিক রদবদলের আবহে যখন শাসক দলের অন্দরে ক্ষোভ প্রকাশ পাচ্ছে, তখনই সামনে এল নন্দিনীর এই মন্তব্য। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের একটি সাম্প্রতিক মন্তব্যের সূত্র ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তীব্র আক্রমণ শানিয়েছেন। এই প্রসঙ্গ টেনে নন্দিনী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আপনাদের মুখে বারবার বিবেকের কথা শুনে আমার একটু অস্বস্তি, একটু অশান্তি লাগল।” তিনি প্রশ্ন তোলেন, যখন এই নেত্রীর ৫৫-৫৬ বছর বয়স ছিল, তখন তাঁর বিবেক কোথায় ছিল? ২০০১, ২০০৬, ২০০৯ সালের নির্বাচনে মানুষ কি শুধুমাত্র তাঁর মুখ দেখেই তৃণমূল প্রার্থীদের ভোট দিয়েছিল?
নন্দিনীর মূল অভিযোগ, “যখন তাপস পাল নামক একজন মানুষকে রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করে শেষ পর্যন্ত কার্যত ছিবড়ে করে ফেলা হয়েছিল, এবং দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণা দিয়ে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল, তখন তাঁর সেই বিবেক কোথায় ছিল?” তিনি কুণাল ঘোষকে থামার অনুরোধ করেন। কুণাল ঘোষের জেল কাণ্ডের প্রসঙ্গ টেনে নন্দিনী আরও লেখেন, “আপনি তো একসময় জেলে গিয়েছিলেন, আপনার নেত্রীর দয়াতেই। সেই সময় আপনি এই নেত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে অনেক কথা বলেছিলেন, নানা অভিযোগও করেছিলেন। তারপর কী এমন ঘটল যে আজ আপনার সঙ্গে সেই নেত্রীর রাজনৈতিক ও ব্যক্তিগত রসায়ন সম্পূর্ণ বদলে গেল? এটা কি মতাদর্শের পরিবর্তন? নাকি পরিস্থিতির প্রয়োজন? নাকি অন্য কোনও কারণ? সেই পরিবর্তনের গল্পটাই বরং শুনতে চাই।”
এই পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। যদিও কুণাল ঘোষের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।








