ব্যুরো নিউজ, ৪ জুন ২০২৬ঃ ফের উত্তপ্ত হয়ে উঠল টালিগঞ্জের স্টুডিওপাড়া। গতকাল, বৃহস্পতিবার টলিপাড়া ফেডারেশনের এক বৈঠকে তুমুল অশান্তি শুরু হয়। নবনির্বাচিত বিধায়ক পাপিয়া অধিকারী ফেডারেশন ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করার পর থেকেই এই উত্তেজনা দানা বাঁধে। জানা গিয়েছে, বৈঠকের মাঝেই দুই পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়, যা দ্রুত মারামারিতে পরিণত হয়। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছয় যে, একে অপরের দিকে ইট, পাটকেল ও ডিম ছোড়া হয়।
সূত্রের খবর, পাপিয়া অধিকারী ফেডারেশনের ম্যানেজার গিল্ডের সম্পাদক মহম্মদ হাসান এবং সহসম্পাদক বাবাইকে পদত্যাগ করতে বলার পরই এই সংঘাতের সূত্রপাত। এক পক্ষ তাঁদের পদ ধরে রাখার চেষ্টা করলে অন্য পক্ষ দুর্নীতির অভিযোগ তুলে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে। টেকনিশিয়ানদের একাংশ অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে নোংরামি চালানো হয়েছে এবং এখন ক্ষমতা হারানোর পরও তাঁরা তা মানতে নারাজ। এই অভিযোগের তির মূলত হাসান ও বাবাইয়ের দিকে।
পরিস্থিতি সামাল দিতে দ্রুত রিজেন্ট পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের হস্তক্ষেপে আপাতত সংঘর্ষ থামলেও টেকনিশিয়ানদের মধ্যে ক্ষোভ এখনও ফুঁসছে। প্রসঙ্গত, পাপিয়া অধিকারী টলিপাড়ায় বহিরাগতদের চিহ্নিত করতে ‘SIR’ এবং দুর্নীতি রুখতে ‘D-কিউব’ মডেল চালুর কথা ঘোষণা করেছেন। তিনি ২৬টি গিল্ড ভেঙে চারটি নতুন বিভাগ চালুর কথাও জানিয়েছেন, যা এই সংঘাতের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।








