ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ ভোটের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র জালে ধরা পড়লেন তৃণমূল নেতা শওকত মোল্লা। প্রায় ২৪ ঘণ্টার টানটান নাটকীয় পরিস্থিতি শেষে শুক্রবার রাতে নিউটাউন ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এনআইএ সূত্রে খবর, শওকত আত্মসমর্পণ করতে নিউটাউনে তাদের অফিসে যাচ্ছিলেন, সেই সময়ই তাঁকে আটক করা হয়।
বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ শওকত মোল্লার জীবনতলার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল এনআইএ-র একটি দল। কিন্তু সেখানে তালা ঝুলতে দেখে আধিকারিকরা ফিরে আসেন। এরপর আশপাশের এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয় এবং তাঁর দলীয় কার্যালয়েও তল্লাশি চলে। শওকতের ছেলে ও স্ত্রী-মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ছেলেকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছিল আইএসএফ এবং তাদের আর্জি মেনেই এনআইএ তদন্ত শুরু করে। এই মামলায় এর আগে তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ভোটের আগে এলাকায় বোমা মজুত করে রাখা হয়েছিল এবং সেই সূত্র ধরেই শওকত মোল্লার নাম উঠে আসে। দীর্ঘ তল্লাশির পর অবশেষে তাঁকে গ্রেফতার করা সম্ভব হল।








