ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গুরুতর বায়ু লিকের ঘটনা ঘটেছে, যার জেরে চারজন মহাকাশচারীকে জরুরি ভিত্তিতে পৃথিবীতে ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নাসা জানিয়েছে, মহাকাশচারীদের নিজেদের মহাকাশযানে আশ্রয় নিতে এবং সম্ভাব্য জরুরি প্রস্থানের (ইভাকুয়েশন) জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাশিয়ার একটি দল যখন লিকেজ মেরামতের চেষ্টা করছিল, তখনই এই নির্দেশ জারি করা হয়। বর্তমানে মহাকাশ স্টেশনে নাসার ‘ক্রু-১২’ মিশনের চারজন মহাকাশচারী রয়েছেন। এঁদের মধ্যে দু’জন মার্কিন যুক্তরাষ্ট্রের, একজন ফ্রান্সের এবং একজন রাশিয়ার নাগরিক। সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ৪ মিনিটে (জিএমটি ১৩:০৪) নাসা মিশন কন্ট্রোল থেকে তাঁরা এই নির্দেশ পান।
নির্দেশ অনুযায়ী, যদি জরুরি ভিত্তিতে স্টেশন ত্যাগ করার প্রয়োজন হয়, তবে তাঁদের স্টেশনের সঙ্গে সংযুক্ত ‘ক্রু ড্রাগন’ মহাকাশযানে প্রবেশ করে স্পেসস্যুট পরিধান করতে বলা হয়েছে। স্টেশনটির প্রধান দুই পরিচালনাকারী সংস্থা – নাসা এবং রাশিয়ার মহাকাশ সংস্থা ‘রসকসমস’ – গত বেশ কয়েক মাস ধরেই রাশিয়ার ‘জভেজদা’ সার্ভিস মডিউলে ছোটখাট বায়ু লিকের কারণ ও সম্ভাব্য প্রতিকার নিয়ে আলোচনা ও মতপার্থক্য চালিয়ে আসছিল।
ফুটবল মাঠের সমান আয়তনের এই গবেষণাগারটির একটি গুরুত্বপূর্ণ কাঠামো হল এই জভেজদা মডিউল। নাম প্রকাশে অনিচ্ছুক নাসার এক কর্তা জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে বায়ু লিকের মাত্রা তুলনামূলকভাবে কম থাকলেও সোমবার তা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আগে যেখানে প্রতিদিন প্রায় এক পাউন্ড বায়ু বেরিয়ে যাচ্ছিল, এখন তা বেড়ে প্রায় দুই পাউন্ডে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মহাকাশচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।








