পকসো মামলায় জোড়াসাঁকোর তৃণমূল কাউন্সিলর আটক, নাবালিকাকে হামলার অভিযোগ

পকসো মামলায় জোড়াসাঁকোর তৃণমূল কাউন্সিলরকে আটক করল পুলিশ। নাবালিকাকে হামলার অভিযোগ, সিসিটিভি ভাঙচুরের অভিযোগও উঠেছে। চলছে তদন্ত।

Share:

ব্যুরো নিউজ, ৭ জন ২০২৬ঃ কলকাতাসকাল থেকে এলাকা ঘিরে পুলিশি তৎপরতার পর অবশেষে জোড়াসাঁকোর তৃণমূল কাউন্সিলরকে পকসো মামলায় আটক করল জোড়াসাঁকো থানার পুলিশ। রবিবার সকালে তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত কাউন্সিলরকে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাপা উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এক নাবালিকা ওই কাউন্সিলরের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ দায়ের করেছিল। সেই মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।

সম্প্রতি, শনিবার ওই নাবালিকা কাউন্সিলরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাঁর অনুগামীরা তাকে মারধর ও হুমকি দেয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরই পুলিশ সক্রিয় হয় এবং রবিবার সকালে কাউন্সিলরের বাড়িতে অভিযান চালায়। অভিযোগকারী নাবালিকার পরিবারও পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন। স্থানীয়দের অভিযোগ, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে কাউন্সিলরের অনুগামীরা এলাকার সিংহভাগ সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে। এই অভিযোগের সত্যতা যাচাই করছে পুলিশ এবং ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে।

একই সঙ্গে, ওই কাউন্সিলরের বিরুদ্ধে এলাকার একটি বাড়ি জবরদখল করে সেখানে বসে বিভিন্ন দুর্নীতি ও অপকর্ম চালানোর অভিযোগও উঠেছে। এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। কাউন্সিলরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আরও কী কী অভিযোগ রয়েছে, তা জানতে চাইছে তদন্তকারীরা। এই ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা এবং শাসক দলের অস্বস্তি বাড়ছে বলে মনে করা হচ্ছে।