ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ নয়াদিল্লি থেকে ‘এই সময়’-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি রাজনীতি থেকে অবসরের ভাবনা আপাতত খারিজ করে দিয়েছেন। দেশের বর্তমান ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে তিনি মানুষের পাশে থাকতে চান। তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে পাওয়া শিক্ষা অনুযায়ী, দুঃসময়ে জনগণের পাশে থাকা তাঁর নৈতিক দায়িত্ব বলে মনে করেন তিনি। সম্প্রতি তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের একটি বক্তব্যের পর হাসিনার অবসরের জল্পনা তীব্র হয়েছিল।
তবে হাসিনা স্পষ্ট করেছেন, যদিও তিনি নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দিতে চান এবং ব্যক্তিগতভাবে তাঁর আর কিছু চাওয়ার নেই, তবুও গণতন্ত্র আক্রান্ত, আওয়ামি লিগের নেতাকর্মীরা নির্যাতিত এবং সংখ্যালঘুরা ভীত—এই অবস্থায় তিনি বিশ্রাম নিতে পারেন না। তিনি ক্ষমতা চান না, কিন্তু জনগণের প্রতি তাঁর দায়িত্ব অস্বীকার করতে পারেন না। শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশের জনগণের নিরাপত্তা, উন্নত জীবনমান, অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা নিশ্চিত করার পরেই তিনি অবসর নেবেন।
দলের নেতৃত্ব কার হাতে যাবে, তা কোনও পারিবারিক উত্তরাধিকার নয়, বরং আওয়ামি লিগের কাউন্সিল (সম্মেলন)-এর মাধ্যমে কর্মীদের মতামতের ভিত্তিতে যোগ্যতা, ত্যাগ ও আদর্শিক দৃঢ়তার ভিত্তিতে নির্বাচিত হবে। দলীয় পুনর্গঠন একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এই দুর্দিনে যারা দলের পাশে আছেন, তারাই দলকে আরও খাঁটি করছেন।








