কংগ্রেসের ‘হিন্দু গ্রোথ রেট’ তকমাকে তীব্র আক্রমণ মোদীর, ১২ বছরে এনডিএ-র সাফল্যের খতিয়ান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের ‘হিন্দু গ্রোথ রেট’ ধারণাকে ‘কংগ্রেস গ্রোথ রেট’ বলে আক্রমণ করেছেন। এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে তিনি দেশের অর্থনৈতিক অগ্রগতির খতিয়ান তুলে ধরেন।

Share:

ব্যুরো নিউজ, ১০ জুন ২০২৬ঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার জাতির উদ্দেশে ভাষণে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান। কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে তিনি বলেন, কংগ্রেস জমানার মন্থর অর্থনৈতিক বৃদ্ধিকে ‘হিন্দু গ্রোথ রেট’ বলে যে তকমা দেওয়া হয়েছিল, তা আসলে ‘কংগ্রেস গ্রোথ রেট’ হওয়া উচিত। দীর্ঘদিনের নীতিগত কুশাসনের ফলে কংগ্রেস দেশকে অসহায়তা ও হীনমন্যতার দিকে ঠেলে দিয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

ভারতের ইতিহাসে দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নজির গড়ার দিনে মোদী মনে করিয়ে দেন, গত ১২ বছরে এনডিএ সরকারের অন্যতম বড় সাফল্য হল কংগ্রেসের তৈরি করা মন্থর অর্থনৈতিক উত্তরাধিকার থেকে দেশকে মুক্ত করা। তিনি বলেন, অতীতে মানুষের মনে এই ধারণা তৈরি করা হয়েছিল যে ভারতে দ্রুত উন্নয়ন সম্ভব নয়। এই ধীর গতির উন্নয়নকে আড়াল করতেই ‘হিন্দু গ্রোথ রেট’ নামটি ব্যবহার করা হয়েছিল।

মোদী আরও অভিযোগ করেন, কংগ্রেস ভারতীয়দের মনস্তত্ত্বকে এমনভাবে আচ্ছন্ন করেছিল যে তারা বিশ্বাস করতে বাধ্য হয় দ্রুত অর্থনৈতিক অগ্রগতি অসম্ভব। এই কুৎসিত নামকরণের মাধ্যমে কংগ্রেস নিজেদের নীতিগত ও প্রশাসনিক ব্যর্থতার দায়ভার হিন্দু সম্প্রদায়ের ঘাড়ে চাপিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করেছিল। বিগত কংগ্রেস জমানা মানেই ছিল সুশাসনের অভাব, দিশাহীনতা এবং সিদ্ধান্তহীনতা, যার ফলশ্রুতিতে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল। ২০১৪ সালে নতুন সূর্যোদয়ের পর এনডিএ সরকারের ১২ বছরে মানুষের হারানো আস্থা ফিরে এসেছে এবং দ্রুত উন্নয়নের নজির স্থাপন করেছে।