ব্যুরো নিউজ, ১১ জুন ২০২৬ : দিল্লিতে তৃণমূল কংগ্রেসে ফের ভাঙনের ইঙ্গিত। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূলের আরও চার সাংসদ বৈঠক করেছেন বলে জানা গিয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন সায়নী ঘোষ এবং মালা রায়-সহ আরও দুই সাংসদ। তাৎপর্যপূর্ণভাবে, এই গুরুত্বপূর্ণ আলোচনাচক্রে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন বলে খবর। এর ফলে তৃণমূলের অন্দরে বিদ্রোহ আরও জোরালো হচ্ছে বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
গত সোমবারই তৃণমূল সাংসদ শতাব্দী রায় এবং কাকলি ঘোষ দস্তিদার-সহ একটি বড় অংশ দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করে একটি ‘বিদ্রোহী’ ব্লক গঠন করেছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে চার সাংসদের এই বৈঠক শাসকদলের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্রের খবর, মালা রায় এবং সায়নী ঘোষের মতো সাংসদরা খুব শীঘ্রই বিদ্রোহী শিবিরে যোগ দিতে পারেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সাংসদই প্রকাশ্যে মন্তব্য করেননি।
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস যোগদানের জল্পনার মধ্যেই দিল্লিতে এই ধরনের বৈঠক রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। এই ঘটনা তৃণমূলের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এবং দলের মধ্যে অস্থিরতা আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।








