দিল্লি থেকে ফিরেই ভবানী ভবনে অভিষেক, হাইকোর্টের নির্দেশ মেনে সিআইডি দফতরে হাজিরা

দিল্লি থেকে ফিরেই হাইকোর্টের নির্দেশ মেনে ভবানী ভবনে সিআইডি দফতরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই-জাল কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ।

Share:

ব্যুরো নিউজ, ১১ জুন ২০২৬ঃ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমা মেনেই সিআইডি দফতর ভবানী ভবনে হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে কলকাতায় ফিরে প্রথমে নিজের বাড়িতে যান তিনি, এরপর নির্ধারিত সময় অর্থাৎ বিকেল ৬টার আগেই পৌঁছে যান ভবানী ভবনে। সই-জাল কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছিল সিআইডি।

বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন অভিষেক। হাইকোর্টের চরম ডেডলাইনের মাত্র ১ ঘণ্টা ৪০ মিনিট আগে তাঁর কলকাতায় নামা ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা। বিমানবন্দরে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই তিনি সোজা নিজের গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দেন। এই সংক্রান্ত মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আদালতের অনুমতি ছাড়া অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ করা যাবে না। তবে তদন্তকারী আধিকারিকরা চাইলে তাঁকে জিজ্ঞাসাবাদ ও গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করতে পারবেন। তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল নেতাকে।

দু’সপ্তাহ পর তদন্তের যাবতীয় রিপোর্ট আদালতে জমা দিতে হবে। সিআইডি সূত্রে জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই অধ্যক্ষকে রেজোলিউশন পাঠিয়েছিলেন, যেখানে সবার স্বাক্ষর ছিল। পরে কয়েকজন বিধায়ক তাঁদের স্বাক্ষর নিয়ে অভিযোগ জানান। সিআইডি-র দাবি, অনেক বিধায়কই বলছেন যে তাঁরা সেদিন উপস্থিত ছিলেন না। এই প্রেক্ষিতেই সিআইডি প্রশ্ন তুলেছে, হেফাজতে না নিলে তদন্ত কীভাবে হবে?