ব্যুরো নিউজ, ১২ জুন ২০২৬ঃ ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হয়ে গিয়েছে, এবং ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে আগামী রবিবার ভারতীয় সময় অনুযায়ী ভোর ৩.৩০ নাগাদ আয়োজিত হতে চলা ব্রাজিল বনাম মরক্কোর হাইভোল্টেজ ম্যাচের দিকে। পাঁচবারের বিশ্বজয়ী বনাম গতবারের সেমিফাইনালিস্টদের এই লড়াইয়ে কি ব্রাজিল তাদের সেরা তারকা নেইমারকে সম্পূর্ণ ফিট অবস্থায় পাবে? সাম্বা শিবির থেকে এই নিয়ে এলো বড় আপডেট।
জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে ফিটনেসের অভাবে ভুগলেও হাইপ্রোফাইল ম্যানেজার কার্লো আনসেলোত্তি নেইমারকে দলে জায়গা দিয়েছেন। তবে বিশ্বকাপের আগে ফের একবার কাফ মাসলে চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়েন নেইমার। যার ফলে বিশ্বকাপের আগে পানামা ও মিশরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচগুলিতে তিনি মাঠে নামতে পারেননি। মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ব্রাজিলিয়ান মহাতারকাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের দিনই নেবেন কোচ কার্লো। নেইমার সুস্থ হয়ে উঠলে তিনি পরিবর্ত হিসেবে দলের প্রয়োজনে মাঠে নামতে পারেন।
ম্যাচ শুরুর থেকে ব্রাজিলের পছন্দমতো ফলাফলের দিকে এগোলে নেইমারকে নিয়ে ঝুঁকি নেবে না ব্রাজিলিয়ান শিবির। নক-আউটে পৌঁছলে দলে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে বিশ্বাস ফুটবল বিশেষজ্ঞদের। দেশের জার্সি গায়ে এইমুহূর্তে নেইমারের গোলসংখ্যা ৭৯। বিশ্বকাপে কেবল একটি গোল পেলেই প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে ৮০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি। কিংবদন্তি পেলে নিজের কেরিয়ারে এই মাইলফলক ছুঁতে পারেননি। তবে ২০০২ সালে শেষবার বিশ্বকাপ জয়ী দলটি নেইমারকে নিয়ে ধীরে চলো নীতিতেই অগ্রসর হতে চায়।








