ব্যুরো নিউজ, ১৩ জুন ২০২৬ : বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাবে ভারতেও রান্নার গ্যাসের দাম ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে গ্রাহকরা আগাম গ্যাস সিলিন্ডার বুকিংয়ে আগ্রহী হচ্ছেন। আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে একদল প্রতারক। নতুন করে এলপিজি জালিয়াতির ঘটনা সামনে আসায় গ্রাহকদের সতর্ক করেছে দেশের প্রধান তেল সংস্থাগুলি, যেমন ইন্ডেন, এইচপি এবং ভারত গ্যাস। প্রতারকরা মূলত গ্যাস এজেন্সির প্রতিনিধি সেজে গ্রাহকদের ফোন বা হোয়াটসঅ্যাপ করে।
সিলিন্ডার ডেলিভারি নিশ্চিত করার অজুহাতে তারা গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইলে আসা চার অঙ্কের ওটিপি (OTP) বা ডিএসি (DAC) কোড আগাম চেয়ে নিচ্ছে। গ্যাস সংস্থাগুলি স্পষ্ট জানিয়েছে, সিলিন্ডার ডেলিভারি হওয়ার আগে কোনো অবস্থাতেই এই ধরনের ওটিপি বা কোড কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ডেলিভারি বয় বাড়িতে সিলিন্ডার পৌঁছে দেওয়ার পরই কেবল ওটিপি শেয়ার করা উচিত। এছাড়াও, তেল সংস্থাগুলি গ্রাহকদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ জারি করেছে। গ্যাস এজেন্সির অফিসে গিয়ে অযথা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই, কারণ সিলিন্ডার সরাসরি বাড়িতেই পৌঁছে দেওয়া হবে। অযথা অতিরিক্ত সিলিন্ডার বুকিং বা মজুত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কোনো মেসেজে ‘জরুরি’ বা ‘Urgent’ বলে কোনো কাজ করতে বলা হলে সতর্ক হতে হবে।
গ্যাস বুকিং ও পেমেন্টের জন্য ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ, ভারত বিল পে (BBPS) অথবা সংশ্লিষ্ট গ্যাস সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ইন্ডেন, এইচপি গ্যাস এবং ভারত গ্যাস তাদের গ্রাহকদের জন্য নির্দিষ্ট বুকিং নম্বর এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সুরক্ষিত পরিষেবা প্রদান করে। গ্রাহকদের এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে এবং কোনো রকম সন্দেহজনক কল বা মেসেজে সাড়া না দেওয়ার আবেদন জানানো হয়েছে, যাতে তারা প্রতারণার শিকার না হন।








