ব্যুরো নিউজ, ১৩ জুন ২০২৬ : জম্মু-কাশ্মীরে আগামী ৩ জুলাই থেকে শুরু হতে চলা অমরনাথ যাত্রাকে ঘিরে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সাম্প্রতিক ইনপুট।
সূত্রের খবর, পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলি এবারের যাত্রাকে নিশানা করতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ‘অ্যাকশনেবল’ গোয়েন্দা তথ্য পৌঁছেছে। এই পরিস্থিতিতে শুক্রবার নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক ডেকে গোটা নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যাত্রাপথে সম্ভাব্য জঙ্গি হামলা, অনুপ্রবেশ এবং নাশকতার আশঙ্কা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ আধিকারিকরা। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুস্তরীয় সুরক্ষা পরিকল্পনা গ্রহণ করা হয়। এবারের যাত্রায় ডিজিটাল নজরদারি ও তথ্য যাচাইয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ‘পহেচান’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রত্যেক অংশগ্রহণকারীর পরিচয় যাচাই করা হবে এবং কিউআর কোডভিত্তিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রী, নিরাপত্তাকর্মী এমনকি যাত্রাপথে খাবার বিক্রেতাদেরও একই ধরনের নিরাপত্তা যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এছাড়া, ৫৭ দিনের পুরো যাত্রাপর্বে কোনও ধরনের হেলিকপ্টার পরিষেবা চালু থাকবে না এবং গোটা যাত্রাপথকে ‘নো ফ্লাইং জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
আগের বছরের তুলনায় অনেক বেশি সংখ্যায় পোর্টেবল জ্যামার, মেটাল ডিটেক্টর এবং বিস্ফোরক শনাক্তকারী যন্ত্র বসানো হবে। সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও রাখা হচ্ছে। নিরাপত্তা আরও জোরদার করতে জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করা হয়েছে। প্রশাসনের আশা, এই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে লক্ষ লক্ষ তীর্থযাত্রীর যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা সম্ভব হবে।








