তৃণমূলের সংগঠনে রদবদল: যুব সভানেত্রী পদ হারালেন সায়নী, কুণালকে উত্তর কলকাতার দায়িত্ব, অর্ণব নতুন যুব সভাপতি

তৃণমূলের সংগঠনে বড় রদবদল। যুব সভানেত্রী পদ থেকে সায়নীর বিদায়, কুণাল ঘোষ উত্তর কলকাতার সভাপতি। অর্ণব বন্দ্যোপাধ্যায় নতুন যুব সভাপতি। জাতীয় কর্মসমিতিতে সৌগত ও জ্যোতিপ্রিয়।

Share:

ব্যুরো নিউজ, ১৩ জুন ২০২৬ : রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে নতুন করে সাজিয়ে তোলার কাজে হাত দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই একগুচ্ছ গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই বর্ষীয়ান সাংসদ সৌগত রায় এবং জ্যোতিপ্রিয় মল্লিককে এই কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌগত রায়, চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ জানান, উত্তর কলকাতার তৃণমূলের সভাপতি পদে বিধায়ক কুণাল ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনকে সংখ্যালঘু সেলের সভাপতি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। এর ফলে যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে বিদায় নিলেন সায়নী ঘোষ। দলীয় সূত্রে খবর, দলের বিভিন্ন শাখা সংগঠন এবং বেশ কিছু জেলার সভাপতির নামও দ্রুত ঘোষণা করা হবে।

তৃণমূল নেতৃত্বের স্পষ্ট বক্তব্য, যারা দল ছেড়ে চলে গিয়েছে, তাদের নিয়ে আলোচনার কোনও অবকাশ নেই। তারা লোভ ও ভয়ের কাছে আত্মসমর্পণ করেছে। দলের আসল শক্তি কাউন্সিলর ও বিধায়কদের উপর নির্ভরশীল নয়, বরং নীচুতলার কর্মীরাই দলের মেরুদণ্ড। এদিনের জাতীয় কর্মসমিতির বৈঠকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং কুণাল ঘোষ।