ব্যুরো নিউজ, ১৩ জুন ২০২৬ : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিংহ তাঁর দফতরকে নির্দেশ দিয়েছেন, বন্ধ থাকা প্রায় ১০টি পাটকল দ্রুত চালুর প্রক্রিয়া শুরু করতে। এই পদক্ষেপের ফলে প্রায় ২০ হাজারেরও বেশি কর্মহীন শ্রমিকের জীবিকা পুনরুদ্ধার হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার শ্রম দফতরের দায়িত্ব গ্রহণ করেই অর্জুন সিংহ রাজ্যের পাটশিল্পের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন। আগামী ১৫ই জুন তিনি সকল অংশীজনের সঙ্গে একটি বৈঠকে বসবেন, যেখানে মিলগুলি পুনরায় চালুর কর্মপরিকল্পনা তৈরি হবে। হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনার মতো পাটশিল্প প্রধান জেলাগুলিতেই এই বন্ধ থাকা মিলগুলির বেশিরভাগ অবস্থিত। পাটকল বন্ধ হওয়ার অন্যতম কারণ হিসেবে কাঁচা পাটের অভাব এবং মজুতদারিকে চিহ্নিত করা হয়েছে। শ্রম দফতরের আধিকারিকদের মতে, চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যাপক অসামঞ্জস্যই বর্তমান সংকটের মূল কারণ।
এর আগে শ্রমিক, মিল মালিক ও সরকারের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির বেশিরভাগ বিধানই বাস্তবায়িত হয়নি। শ্রমমন্ত্রী জানিয়েছেন, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া (জেসিআই)-এর সক্রিয় ভূমিকা এই সংকট সমাধানে অত্যন্ত জরুরি। জেসিআই সরাসরি কৃষকদের কাছ থেকে কাঁচা পাট সংগ্রহ করলে মজুতদারি রোধ হবে এবং মিলগুলিতে পাটের সরবরাহ নিশ্চিত হবে। এই উদ্যোগে রাজ্যের পাটশিল্পে নতুন প্রাণ ফিরবে।








