ব্যুরো নিউজ, ১৪ জুন ২০২৬ঃ কেরালার কাসারগোড় জেলার নীলেশ্বর রাজুর কন্যা কাজল রাজু শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় অল ইন্ডিয়া র্যাঙ্ক ১৬৭ অর্জন করে আইএএস হওয়ার স্বপ্ন পূরণ করেছেন। জন্ম থেকেই ফোকোমেলিয়া সিন্ড্রোমে আক্রান্ত কাজল, যার ফলে তাঁর ডান হাতের গঠন অসম্পূর্ণ। কিন্তু এই শারীরিক সীমাবদ্ধতা তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে দমাতে পারেনি।
ছোটবেলা থেকেই মেধাবী কাজল আইআইটি মাদ্রাজে ডেভেলপমেন্ট স্টাডিজ় নিয়ে ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার আকাঙ্ক্ষা থেকেই তিনি সিভিল সার্ভিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রথম প্রচেষ্টাতেই তিনি অল ইন্ডিয়া র্যাঙ্ক ৯১০ অর্জন করে ভারতীয় রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (IRMS)-এ নির্বাচিত হয়েছিলেন। তবে তাঁর লক্ষ্য ছিল আরও উচ্চ, আইএএস হওয়া। এরপরের পথ মোটেও মসৃণ ছিল না। কয়েকটি প্রচেষ্টায় তাঁর র্যাঙ্ক কমে যায়, এমনকি একবার তিনি প্রিলিমিনারি পরীক্ষাতেও উত্তীর্ণ হতে পারেননি। কিন্তু ব্যর্থতা তাঁকে দমাতে পারেনি।
দিনের একটি বড় অংশ কর্মক্ষেত্রে কাটানোর পরেও অবশিষ্ট সময় তিনি পড়াশোনায় ব্যয় করতেন। অবশেষে কঠোর পরিশ্রম এবং অবিচল মানসিক জোরের ফলস্বরূপ ২০২৫ সালের ইউপিএসসি পরীক্ষায় চতুর্থ প্রচেষ্টায় তিনি এই অসাধারণ সাফল্য অর্জন করেন। কাজল রাজুর এই জয় শুধু একটি র্যাঙ্ক নয়, এটি লক্ষ লক্ষ তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাঁর কাহিনি প্রমাণ করে, স্বপ্নপূরণের জন্য দৃঢ় সংকল্পই শেষ কথা।








