হাবড়ার পুকুরে রুই-কাতলার বদলে মিলল আগ্নেয়াস্ত্র-কার্তুজ! চাঞ্চল্য এলাকায়

হাবড়ার পুকুরে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের জালে উঠল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ভর্তি ব্যাগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, তদন্তে পুলিশ।

Share:

ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ হাবড়ার একটি পুকুরে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের জালে রুই-কাতলার বদলে উঠে এল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ভর্তি ব্যাগ। এই ঘটনায় রবিবার সকালে হাবড়া থানা এলাকার কুমড়া পঞ্চায়েতের পাঁচঘড়িয়া গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুব্রত বিশ্বাসের পুকুরে মাছ ধরতে নেমেছিলেন কয়েকজন মৎস্যজীবী। জাল টানার সময় তাঁরা একটি ভারী বস্তুর উপস্থিতি টের পান। জাল তুলে দেখতে পান, একটি কালো রঙের ব্যাগ আটকে রয়েছে।

কৌতূহলবশত ব্যাগটি খুলতেই তাঁদের চক্ষু চড়কগাছ। ব্যাগের ভিতর থেকে চারটি আগ্নেয়াস্ত্র এবং থরে থরে সাজানো গুলি উদ্ধার হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজ নিজেদের হেফাজতে নেওয়ার পর পুলিশ পুকুরে ফের তল্লাশি অভিযান চালায়। সেই তল্লাশিতে আরও একটি ব্যাগ উদ্ধার হয়, যেখান থেকে আরও চারটি আগ্নেয়াস্ত্র ও প্রচুর গুলি পাওয়া যায়।

মোট আটটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছে। এই ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় সন্ত্রাস ছড়ানোর উদ্দেশ্যেই এই অস্ত্রগুলি মজুত করা হয়েছিল। পরে কোনও বিপদ বুঝে দুষ্কৃতীরা সেগুলি পুকুরে ফেলে দিয়েছে। ঘটনার নেপথ্যে শাসকদল তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলেও অভিযোগ করেছে বিজেপি। পুলিশ জানিয়েছে, অস্ত্রগুলি কোথা থেকে এল, কারা সেগুলি পুকুরে ফেলেছিল এবং এর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।