ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ দক্ষিণ ২৪ পরগনার ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের বিরুদ্ধে ফের পুরনো মামলার ফাইল খুলে নতুন করে তদন্ত শুরু করল পুলিশ। ২০২০ সালে তৎকালীন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। সেই মামলাতেই এবার নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ২০২০ সালের ১৫ জুন ডায়মন্ড হারবার যাচ্ছিলেন জে পি নাড্ডা। শিরাকোলের কাছে তাঁর কনভয় লক্ষ্য করে বড়সড় হামলা চালানো হয়। অল্পের জন্য রক্ষা পান নাড্ডা। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির তৎকালীন দুই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষ সেই সময় মন্তব্য করেছিলেন যে, বুলেটপ্রুফ গাড়ি না থাকলে সেদিন প্রাণহানিও হতে পারত। এই হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের। তবে সেসময় তদন্তের ঢিলেঢালা মনোভাবের কারণে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা যায়নি বলে অভিযোগ ওঠে।
বর্তমানে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার হয়ে জেলবন্দি রয়েছেন জাহাঙ্গির খান। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে ৬ বছর পুরনো নাড্ডার কনভয়ে হামলার মামলাটি ফের সক্রিয় করা হয়েছে। জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমান মামলার পাশাপাশি পুরনো এই ঘটনারও পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। এই পদক্ষেপ জাহাঙ্গির খানের উপর চাপ আরও বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল।







