রাজ্যের সমস্ত অভয়ারণ্য ও জাতীয় উদ্যান তিন মাসের জন্য বন্ধ: জারি সরকারি নির্দেশিকা, কারণ জানুন

পশ্চিমবঙ্গের সমস্ত জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বর্ষার মরসুমে বন্যপ্রাণী সংরক্ষণ ও পর্যটকদের সুরক্ষার জন্য তিন মাসের জন্য বন্ধ। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ পর্যটকদের জন্য দুঃসংবাদ! বর্ষার মরসুম শুরু হতেই আগামী তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত জাতীয় উদ্যান ও অভয়ারণ্য। বন্যপ্রাণী সংরক্ষণ ও পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৬ জুন, ২০২৬ থেকে ১৫ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। পশ্চিমবঙ্গ বন দপ্তরের জলদাপাড়া ওয়াইল্ডলাইফ ডিভিশন ইতিমধ্যেই এই সংক্রান্ত বিশেষ নির্দেশিকা জারি করেছে।

নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, জলদাপাড়া, সিঙ্গালিলা, নেওড়া ভ্যালি, গরুমারা, বক্সা সহ রাজ্যের সমস্ত জাতীয় উদ্যান ও অভয়ারণ্য এই সময়ে বন্ধ থাকবে। বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ১৯৭২-এর ধারা ৩৩(সি) অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বন দপ্তর সূত্রে জানা গেছে, বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজননকাল। এই সময়ে জঙ্গলের উদ্ভিদ ও প্রাণীকুলের স্বাভাবিক বিকাশের জন্য নিরিবিলি পরিবেশ অত্যন্ত জরুরি।

এছাড়াও, বর্ষায় ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের কারণে জঙ্গলের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়, যা পর্যটকদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।’প্রতি বছরই এই নিয়ম মেনে জাতীয় উদ্যানগুলি বন্ধ রাখা হয়। তবে, এই সময়ে জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের ভেতরের বনবাংলো বন্ধ থাকলেও, জঙ্গলের বাইরে থাকা ধুপঝোরা এবং কালীপুর ইকোভিলেজ পর্যটকদের জন্য খোলা থাকবে। ১৫ সেপ্টেম্বরের পর বন দফতর উত্তরবঙ্গের জঙ্গলগুলিতে সাফারি বা পর্যটকদের প্রবেশের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।