ব্যুরো নিউজ, ১৬ জুন ২০২৬ঃ লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে আজ বৈঠক করতে চলেছেন মমতাপন্থী তৃণমূল সাংসদেরা। সূত্রের খবর, স্পিকারের অফিস থেকে ইমেল পাঠিয়ে মঙ্গলবার (১৬ জুন ২০২৬) মঙ্গলবারের মধ্যে তাঁদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তৃণমূলের মমতাপন্থী সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ‘স্পিকারের নিরপেক্ষ থাকা উচিত এবং এই উদ্যোগ প্রশংসনীয়।’ বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা সেরেছেন স্পিকার।
এবার মমতাপন্থী গোষ্ঠীর সঙ্গে কথা বলে তিনি বিদ্রোহীদের দাবি নিয়ে সিদ্ধান্ত নেবেন। জানা গিয়েছে, সোমবার দুপুর সাড়ে ৩টে নাগাদ তৃণমূল সাংসদ কীর্তি আজাদ স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন। অন্যদিকে, বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতাও শুরু হয়েছে। জানা গিয়েছে, মালয়েশিয়া থেকে আজই দিল্লি আসছেন বিদ্রোহী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। তিনি ইতিমধ্যেই লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তৃণমূলের সংসদীয় দলে যে বিভাজন তৈরি হয়েছে, সেখানে বিদ্রোহী শিবিরের পাল্লা ভারী করতে রচনা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি জরুরি বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা ইতিমধ্যেই স্পিকারের সঙ্গে দেখা করে চিঠি জমা দিয়েছেন এবং এনসিপিআই-এর সঙ্গে মিশে যাওয়ার কথা জানিয়েছেন। এই পরিস্থিতিতে স্পিকারের এই দুই গোষ্ঠীর সঙ্গে আলোচনা রাজনৈতিক মহলে নতুন জল্পনার সৃষ্টি করেছে।







