ব্যুরো নিউজ, ১৭ জুন ২০২৬ঃ রাজ্যে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও ভারী বৃষ্টির দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে ব্যাপক ঝড়-বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গের পরিস্থিতি ভিন্ন। আজ, ১৭ জুন এবং আগামীকাল ১৮ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনই টানা বা ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
হাওয়া অফিস জানিয়েছে, আজ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু কিছু জেলায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া এবং কালবৈশাখীর পূর্বাভাসও দেওয়া হয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও গরমের জ্বালা-পোড়া কমবে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি থামলেই অস্বস্তি বাড়বে। ভ্যাপসা গরম অনুভূত হবে। অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া ভিন্ন।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজও তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।








