ব্যুরো নিউজ, ১৭ জুন ২০২৬ঃ কলকাতায় বড় অ্যাকশন! ফুলবাগানের নিজের ফ্ল্যাট থেকে গ্রেফতার হলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার সকালে কোচবিহার জেলা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করে। গ্রেফতারির পর তাঁকে স্থানীয় ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, পুরনো একটি মামলায় দিনহাটার এই হেভিওয়েট তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের একটি বড় অংশের দাবি, মূলত ভোট-পরবর্তী হিংসার মামলাতেই উদয়ন গুহর ওপর গ্রেফতারির খাঁড়া নেমে এসেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪-এর লোকসভা ভোটের পর কোচবিহারের একাধিক এলাকায় যে রাজনৈতিক অশান্তি ছড়িয়েছিল, তাতে উদয়নের প্রত্যক্ষ ইন্ধন ছিল বলে অভিযোগ।
শুধু রাজনৈতিক হিংসাই নয়, তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং কাটমানি নেওয়ার মতো বেশ কিছু মারাত্মক অভিযোগও জমা পড়েছিল পুলিশের খাতায়। যদিও গ্রেফতারির পর ফুলবাগান থানা থেকেই পাল্টা সুর চড়িয়েছেন এই প্রাক্তন মন্ত্রী। জানা গিয়েছে, উদয়ন গুহ দাবি করেছেন, যে মামলায় তাঁকে পুলিশ গ্রেফতার করেছে, সেই মামলায় তাঁর আগাম জামিন নেওয়া রয়েছে। ফলে এই গ্রেফতারি সম্পূর্ণ বেআইনি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই তাঁর দাবি।
প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ গ্রেফতার হতেই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, “পাপ বাপকেও ছাড়ে না।” বিজেপি বিধায়ক অজয় রায় উদয়নের বিরুদ্ধে অপরাধের তালিকা লম্বা বলে অভিযোগ করেন। তিনি বলেন, বিজেপি কর্মী রতন বর্মণকে খুন করা থেকে শুরু করে আবাসের কাটমানি, সব কিছুতেই উদয়ন জড়িত। হারের ভয়েই তিনি দিনহাটা থেকে কলকাতায় পালিয়ে লুকিয়ে ছিলেন বলেও অভিযোগ করেন অজয় রায়। ফুলবাগান থানা থেকে আইনি প্রক্রিয়া সারার পর তাঁকে কোচবিহারের দিনহাটায় নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে পুলিশ।








