ব্যুরো নিউজ, ১৮ জুন ২০২৬ :
মুদ্র সৈকত এবং নবনির্মিত জগন্নাথ মন্দিরের পাশাপাশি এবার দিঘার পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হতে চলেছে আধুনিক জুরাসিক পার্ক। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর দিঘা বিজ্ঞান কেন্দ্রের এই পার্কটি নতুন রূপে সেজে উঠছে। পর্যটকদের কথা মাথায় রেখে এবং সৈকত শহরকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে পার্কটিকে আরও আধুনিক ও তথ্যবহুল করে তোলার কাজ শুরু হয়েছে।
জানা গেছে, ২০১০ সালে প্রথম চালু হওয়া এই জুরাসিক পার্কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়েছিল। এর ফলে ডাইনোসরের বিস্ময়কর জগতে ভ্রমণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন দর্শকরা। সম্প্রতি দিঘায় অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নে জোর দেওয়া হয়, যার ফলস্বরূপ এই পার্কের সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে পার্কের বিভিন্ন অংশে দ্রুত গতিতে সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ চলছে।
অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ডাইনোসরদের জগৎকে আরও বাস্তবসম্মত ও দর্শকবান্ধব করে তোলা হচ্ছে। অ্যানিমেট্রনিক ডাইনোসর, ইন্টারেক্টিভ ডিসপ্লে এবং শিক্ষামূলক তথ্য সম্বলিত গ্যালারি পর্যটকদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশন এগজিকিউটিভ কুসুমিতা চক্রবর্তী জানিয়েছেন, “পার্কটি ফের পর্যটকদের কাছে আগের মত আকর্ষণীয় এবং জনপ্রিয় হয়ে উঠবে।” কোটি কোটি বছর আগের পৃথিবীর হারিয়ে যাওয়া খন্ডচিত্র দেখতে এখন থেকেই পর্যটকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। দিঘার পর্যটন শিল্পে এটি একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।








