পাকিস্তানে গুরুদ্বারের ভিতরেই গুলি করে খুন বৃদ্ধ শিখ দম্পতিকে, চাঞ্চল্য

পাকিস্তানে গুরুদ্বারের ভিতর বৃদ্ধ শিখ দম্পতিকে গুলি করে খুন। খাইবার পাখতুনখোয়ায় চাঞ্চল্যকর ঘটনা, আততায়ীরা পলাতক।

Share:

ব্যুরো নিউজ, ১৮ জুন ২০২৬ : পাকিস্তানে ফের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটল। খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গুরুদ্বারের ভিতরেই গুলি করে খুন করা হয়েছে এক বৃদ্ধ শিখ দম্পতিকে। বুধবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মৃতরা হলেন ৭০ বছর বয়সি জগন্নাথ এবং তাঁর স্ত্রী আসমা ওয়ান্টি। তাঁরা ওই গুরুদ্বারের তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে।

ঘটনার পর থেকেই হামলাকারীরা পলাতক। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হোতি থানার অন্তর্গত বাবু মহল্লা খাজা গঞ্জ বাজারে অবস্থিত গুরুদ্বারটিতে বুধবার সকালে ওই বৃদ্ধ দম্পতি গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় একদল অজ্ঞাত পরিচয় যুবক আচমকা গুরুদ্বারের ভিতরে প্রবেশ করে। এরপরই তাঁরা বৃদ্ধ দম্পতিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আকস্মিক এই হামলায় গুরুদ্বারের ভিতরে উপস্থিত অন্যান্য ভক্তদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন ওই দম্পতি। গুরুদ্বারের ভিতরে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের চিহ্নিত করতে এবং তাদের ধরতে জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পাকিস্তানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে এই ঘটনায়। এই ধরনের ঘটনা দেশের ধর্মীয় সহিষ্ণুতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন অনেকে।