রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ: পাশের হার ৯৭.৭৪%, ২৯ জুন থেকে কাউন্সেলিং শুরু

রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা। পাশের হার ৯৭.৭৪%। ২৯ জুন থেকে কাউন্সেলিং শুরু। প্রথম দশে কারা? জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ১৮ জুন ২০২৬ঃ বৃহস্পতিবার প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল (WBJEE Result)। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ডের (WBJEEB) চেয়ারম্যান গৌতম পাল এদিন দুপুর দেড়টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেন।

এবছর পরীক্ষায় পাশের হার ৯৭.৭৪ শতাংশ, যা গত বছরের তুলনায় বেশ ভালো এবং অত্যন্ত আশাব্যঞ্জক। মোট ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন রেজিস্ট্রেশন করলেও, পরীক্ষা দিয়েছিলেন ৯৪ হাজার ৯০১ জন পরীক্ষার্থী। অর্থাৎ মোট রেজিস্ট্রেশনের প্রায় ৭৯ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এদের মধ্যে ৯২ হাজার ৭৫৩ জন পাশ করেছেন।

বোর্ডের চেয়ারম্যান জানান, এবছর ছেলেদের পাশের হার ৭১.৫৭ শতাংশ (৬৬ হাজার ৩৮৩ জন) এবং মেয়েদের পাশের হার ২৮.৪৩ শতাংশ (২৬ হাজার ৩৬৮ জন)। তৃতীয় লিঙ্গের দুই পরীক্ষার্থীই সফল হয়েছেন। মে মাসের ২৪ তারিখে অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে এই পরীক্ষা দু’টি পর্বে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম পর্বে গণিত এবং দ্বিতীয় পর্বে পদার্থবিদ্যা ও রসায়নের পরীক্ষা নেওয়া হয়।

প্রথম দশ জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন সল্টলেকের শাশ্বত বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় হয়েছেন বিষ্ণুপুরের সৌহৃদ্ধ মণ্ডল এবং তৃতীয় স্থানে রানিগঞ্জের উমাং ভুট। এছাড়াও মেদিনীপুর, হাওড়া ও উত্তর ২৪ পরগনার একাধিক পরীক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছেন। কাউন্সেলিং প্রক্রিয়া দ্রুত শুরু করার চেষ্টা চলছে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।

সব ঠিক থাকলে আগামী ২৯ জুন থেকে কাউন্সেলিং শুরু হতে পারে। পরীক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে বোর্ডের সরকারি ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in থেকে নিজেদের র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন। এই ফল রাজ্যের ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।