দিনহাটা আদালতে ডিম-হামলার মুখে উদয়ন গুহ, মাথা বাঁচাতে হেলমেট পরালো পুলিশ

প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে দিনহাটা আদালতে ডিম-হামলার মুখে পড়তে হলো। মাথা বাঁচাতে পুলিশ তাঁকে হেলমেট পরিয়ে বের করে। ৭ দিনের পুলিশি হেফাজত।

Share:

ব্যুরো নিউজ, ১৮ জুন ২০২৬ঃ প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে দিনহাটা মহকুমা আদালতে হাজির করানোর সময় তীব্র বিক্ষোভের মুখে পড়তে হলো। বুধবার কলকাতায় গ্রেফতার হওয়ার পর বৃহস্পতিবার তাঁকে দিনহাটা আদালতে আনা হয়।\

আদালত চত্বরে তাঁকে লক্ষ্য করে ডিম, মাটি, পাথর ও নোংরা জল ছোঁড়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, প্রাক্তন মন্ত্রীর মাথা বাঁচাতে শেষমেশ পুলিশকর্মীরা তাঁকে হেলমেট পরিয়ে আদালত থেকে বের করে আনেন। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ উদয়নকে আদালতে আনা হয়। সেই সময় থেকেই আদালত চত্বরে কিছু লোক জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছিল। পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা তাঁকে লক্ষ্য করে ডিম বৃষ্টি শুরু করে।

আদালতে প্রবেশ এবং বেরোনোর সময়, দু’বারই একই পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন দিনহাটা আদালতের কোনও আইনজীবী উদয়নের পক্ষে দাঁড়াতে রাজি হননি। পরে কোচবিহার থেকে এক আইনজীবী তাঁর হয়ে জামিনের আবেদন করেন। তবে আদালত উদয়নের সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে।

মামলার পরবর্তী শুনানি ২৫ জুন ধার্য করা হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে ২০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগে দিনহাটা থানায় তাঁর বিরুদ্ধে মামলা (কেস নম্বর ৪১৯, তারিখ ১১/০৬/২০২৬) দায়ের হয়েছিল। এই ঘটনায় কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে।