ব্যুরো নিউজ, ১৯ জুন ২০২৬ঃ নদিয়ার শান্তিপুরে ভাগীরথী নদীতে ডিঙি উল্টে এক প্রৌঢ়ার সলিলসমাধি হয়েছে। মৃতার নাম শেফালি সরকার (৫৮)। তিনি শান্তিপুর থানার বেলঘড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতের গবারচর মাঝেরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার কাঠ কুড়িয়ে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিন আনা দিন খাওয়া শেফালি সরকার প্রতিদিনের মতো সেদিনও আরও দু’জনের সঙ্গে একটি টিনের ডিঙিতে চেপে নদী পেরিয়ে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন। কাঠ সংগ্রহ করে ফেরার পথেই হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমে ওঠে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। ঝড়ের তাণ্ডবে তাঁদের ছোট্ট ডিঙিটি কার্যত বেসামাল হয়ে যায়। তিনজনেই প্রাণপণে ডিঙি সামলানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তীব্র হাওয়ায় ডিঙিটি উল্টে গিয়ে তিনজনই নদীতে পড়ে যান। দূরে থাকা স্থানীয় বাসিন্দারা দ্রুত বিষয়টি দেখতে পেয়ে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন।
দু’জনকে দ্রুত নদী থেকে উদ্ধার করা সম্ভব হলেও শেফালি সরকারকে খুঁজে পাওয়া যায়নি। পরে অনেক খোঁজাখুঁজির পর তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ শেফালি সরকারকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিজনরা। স্থানীয়দের দাবি, এই ধরনের ছোট ডিঙিগুলি প্রায়শই ঝড়ের মুখে বিপদের সম্মুখীন হয়, তাই প্রশাসনের নজরদারি প্রয়োজন।








