উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে লণ্ডভণ্ড, শিলিগুড়ি-দার্জিলিং যোগাযোগ বিচ্ছিন্ন

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে জাতীয় সড়ক সহ একাধিক রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। শিলিগুড়ি-দার্জিলিং রুটে যান চলাচল বন্ধ।

Share:

ব্যুরো নিউজ, ১৯ জুন ২০২৬ঃ উত্তরবঙ্গে অবিরাম ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত একটানা বৃষ্টিতে জাতীয় সড়ক সহ একাধিক রাস্তা ভেঙে পড়েছে। এর ফলে শিলিগুড়ি-দার্জিলিং এবং শিলিগুড়ি-মিরিক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কার্শিয়াং জেলার দুধিয়ার কাছে একটি বিকল্প সেতু ভেসে গেছে। এছাড়াও, ১১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় বড়সড় ধস নেমেছে। মহানন্দা নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

কার্শিয়াং থেকে শিলিগুড়িগামী তিন লেনের রাস্তার একটি বড় অংশ ভেঙে পড়েছে এবং প্রধান সড়কের উপর একটি বিশাল গাছ উপড়ে পড়ায় যান চলাচল সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে আপদকালীন সুরক্ষার্থে দার্জিলিং ও শিলিগুড়ির মধ্যে সংযোগকারী রাস্তাটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। ধসের ধ্বংসাবশেষ সরানো এবং উপড়ে পড়া গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। তবে, প্রশাসন জানিয়েছে যে রাস্তাগুলি পুরোপুরি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করতে বেশ কিছুটা সময় লাগবে। এই অতিবৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণও ব্যাপক।