ব্যুরো নিউজ, ১৯ জুন ২০২৬ঃ ভ্যাপসা গরম কাটিয়ে অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে কলকাতায়। শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়। এর জেরে দ্রুত জলমগ্ন হয়ে পড়ে তিলোত্তমার একাধিক নিচু এলাকা, ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। এই পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জলমগ্ন পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন মন্ত্রী অগ্নিমিত্রা নিজে পরিদর্শনে বের হন। তিনি স্পষ্ট জানান, রাজ্য সরকার এই বিষয়ে অত্যন্ত তৎপর।
তিনি বলেন, “কলকাতার যেসব এলাকায় জল জমেছে কিংবা সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন, তাঁরা কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বরে অবিলম্বে যোগাযোগ করুন। যদি আমার নম্বর আপনাদের কাছে থাকে তাহলে আমাকেও সরাসরি জানাতে পারেন। খবর পাওয়া মাত্র আমরা সেখানে পৌঁছে যাব।” এদিন আলিপুর চিড়িয়াখানার ভিতরের একটি অংশে ড্রেনের পাইপে ফাটল ধরে জল জমে যাওয়ার খবর পেয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। দ্রুত জল নিকাশির ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি।
এদিকে, বৃষ্টিতে বিপর্যস্ত শহর কলকাতার পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে নেমে পড়েছে কলকাতা পুরসভা। পাম্প চালিয়ে জমা জল বের করার কাজ শুরু হয়েছে এবং চালু করা হয়েছে কন্ট্রোল রুম। মন্ত্রী অগ্নিমিত্রা পালের এই বার্তা সাধারণ মানুষকে অনেকটাই আশ্বস্ত করেছে।








