ব্যুরো নিউজ, ১৯ জুন ২০২৬ঃ ফের মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার। নর্দমার জলে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল চার বছরের এক শিশুকন্যার। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দিনভর উত্তপ্ত থাকল আলিপুরদুয়ারের হাসিমারা এলাকা। স্থানীয়দের অভিযোগ, অবৈধ নির্মাণ ও নর্দমা দখলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, হাসিমারার ভার্নাবাড়ি চা বাগানের বাসিন্দা ছিল ওই শিশুকন্যা। পরিবারের এক আত্মীয়কে বড় রাস্তায় ছাড়তে গিয়ে ফেরার পথেই সে নর্দমার জলে তলিয়ে যায়।
প্রাথমিকভাবে স্থানীয়রাই শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। দীর্ঘ পাঁচ ঘণ্টা তল্লাশির পর অকুস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সাতালি চা বাগানের নর্দমা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার হয়। দেহটি লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। জয়গাঁ-আলিপুরদুয়ারগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। এমনকি, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয়।
স্থানীয়দের অভিযোগ, হাসিমারায় নর্দমা দখল করে ব্যাঙের ছাতার মতো একের পর এক অবৈধ বাড়ি গড়ে উঠেছে। এর মধ্যে সাতালি গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িও রয়েছে। এই সব অবৈধ নির্মাণের ফলে নর্দমার জল ঠিকমতো যেতে না পারায় পার্শ্ববর্তী ভার্নাবাড়ি চা বাগানে জল জমে যায়। সেই জমা জলেই পড়ে মৃত্যু হয়েছে শিশুকন্যাটির। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।








