দেবলীনা নন্দীর বিস্ফোরক অভিযোগ: ৬ তলার বারান্দা থেকে ফেলে দেওয়ার চেষ্টা, মারধর! স্বামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গায়িকার

গায়িকা দেবলীনা নন্দীর স্বামী প্রবাহ নন্দীর বিরুদ্ধে মারধর, ৬ তলার বারান্দা থেকে ফেলে দেওয়ার চেষ্টা ও গার্হস্থ্য হিংসার অভিযোগ। আইনি পদক্ষেপ নিলেন দেবলীনা।

Share:

ব্যুরো নিউজ, ১৯ জুন ২০২৬ঃ গায়িকা দেবলীনা নন্দী এবং তাঁর পাইলট স্বামী প্রবাহ নন্দীর দাম্পত্য কলহ এখন আইনি লড়াইয়ের মোড় নিয়েছে। স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে বারুইপুর আদালতের দ্বারস্থ হয়েছেন দেবলীনা। দুই আইনজীবীকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, বিয়ের পর থেকেই তাঁর ওপর তীব্র মানসিক ও শারীরিক অত্যাচার শুরু হয়। দেবলীনার আইনজীবীদের দাবি, ২০২৫ সালের এপ্রিল মাসে থাইল্যান্ডে হানিমুনে গিয়ে মদ্যপ অবস্থায় প্রবাহ তাঁকে মারাত্মক মারধর করেন।

সবচেয়ে গুরুতর অভিযোগটি হল, নিউটাউনের ভাড়া বাড়ির ৬ তলার বারান্দা থেকে দেবলীনাকে বহুবার নীচে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী আদালতে সাক্ষ্য দেবেন বলেও জানানো হয়েছে। প্রবাহ নিয়মিত মদ্যপান ও মাদক সেবন করতেন বলেও অভিযোগ। শ্বশুরবাড়ির সদস্যরাও তাঁকে মানসিক নির্যাতন করতেন, এমনকি আত্মহত্যার প্ররোচনাও দিতেন বলে দাবি। পণের দাবি, গয়না ফেরত না দেওয়া এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে “ব্যাড টাচ”-এর মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে।

অন্যদিকে, টিভি নাইন বাংলায় দেওয়া সাক্ষাৎকারে প্রবাহ নন্দী পাল্টা অভিযোগ করেছেন। তাঁর দাবি, দেবলীনার মায়ের অতিরিক্ত নাক গলানোই তাঁদের দাম্পত্য কলহের মূল কারণ। তিনি দেবলীনার চড়া মেজাজ এবং তাঁকে চড় মারার কথাও উল্লেখ করেছেন। প্রবাহের অভিযোগ, দেবলীনা কথায় কথায় রাজনৈতিক প্রভাব খাটানোর ভয় দেখাতেন।

বর্তমানে বারুইপুর মহকুমা আদালতে গার্হস্থ্য হিংসা প্রতিরোধ আইনের অধীনে মামলা চলছে। প্রবাহ যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, তার জন্য তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করার আবেদন জানানো হয়েছে। দেবলীনা জানিয়েছেন, ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।