নিউজ ব্যুরো, ২১ জুন ২০২৬: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে এক বিশাল অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ সালের ২১ জুন, দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবসের মূল জাতীয় অনুষ্ঠানে ৩৫ হাজার মানুষের সামনে তিনি যোগের গুরুত্ব ব্যাখ্যা করেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “যোগ শুধুমাত্র শরীরচর্চা নয়, এটি মানুষে মানুষে সংযোগ তৈরির শক্তি এবং মানবতার ঐক্যের এক গুরুত্বপূর্ণ মাধ্যম।” তিনি আরও যোগ করেন, “২১ জুন পৃথিবীর একাংশে সবথেকে লম্বা দিন। কিন্তু যোগ দিবস হিসেবে মান্যতা পাওয়ার পরে তাঁর গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। এখন ২১ জুন বিশ্বের সবচেয়ে বড় পার্বণে পরিণত হয়েছে।” প্রধানমন্ত্রী এই পবিত্র বাংলার মাটিতে যোগ দিবস পালনে এসে নিজেকে ভাগ্যবান মনে করেন। তিনি বলেন, “বাংলার সঙ্গে যোগ ও আধ্যাত্মিকতার গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। শ্রী অরবিন্দ, স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী রামকৃষ্ণের ভূমি পশ্চিমবঙ্গ।” তিনি মহর্ষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ এবং লাহিড়ী মশায়ের মতো মহান যোগসাধকদের কথা স্মরণ করে বলেন, এঁরাই বিশ্বজুড়ে যোগের ভাবনাকে পৌঁছে দিয়েছিলেন। এবারের যোগ দিবসের থিম ‘সুস্থ বার্ধক্য’ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তরুণ ও প্রৌঢ়দের উদ্দেশে বলেন, যোগ সব বয়সের মানুষের জন্য। সুস্থ ও চাপমুক্ত জীবন বজায় রাখতে যোগের ভূমিকা অপরিসীম। তিনি সকলকে যোগকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলার আহ্বান জানান, যা ব্যক্তিগত সুস্থতার পাশাপাশি এক শান্তিপূর্ণ ও উন্নত ভবিষ্যৎ গঠনেও সহায়ক হবে। কলকাতার এই বৃহৎ আয়োজনের জন্য তিনি নগরবাসীকে ধন্যবাদ জানান।







