ব্যুরো নিউজ, ২১ জুন ২০২৬ঃ প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় পিতৃদিবস। এই বিশেষ দিনে বাবাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর রীতি। টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও এই দিনে তাঁর বাবা, কিংবদন্তী অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছেন। একইসঙ্গে তিনি নিজের বাবা হওয়ার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
প্রসেনজিৎ সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে লিখেছেন, তাঁর জীবনে বাপি অর্থাৎ বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তাঁকে যে মূল্যবোধ, শৃঙ্খলা আর মানুষের প্রতি সম্মান করতে শিখিয়েছেন, তা আজও তাঁর পথচলার প্রধান শক্তি। তিনি আরও বলেন, বাবা হওয়ার পর তিনি এই শব্দের গভীরতা আরও বেশি করে অনুভব করতে পারছেন। সন্তানের জন্য একজন বাবার ভালোবাসা, উদ্বেগ আর নিঃস্বার্থ ত্যাগ কতটা গভীর, তা এখন তিনি নিজেই বুঝতে পারেন। সম্প্রতি একটি বিশেষ ঘটনা প্রসেনজিৎকে আরও বেশি আপ্লুত করেছে। তাঁর বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় নিজের হাতে প্রসেনজিৎ অভিনীত ‘অভিমান’ ছবির টিজ়ার দেখে তাঁর চরিত্রের একটি প্রতিচ্ছবি এঁকেছিলেন।
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রসেনজিৎ লেখেন, “বাপির তুলির আঁচড়ে, তাঁর অনুভূতিতে নিজেকে নতুন করে আবিষ্কার করি। আমার কাজ তাঁর হৃদয় ছুঁয়েছে, এই ভালোবাসা, আশীর্বাদ আর বিশ্বাস আমার কাছে অমূল্য।” এই ঘটনা একদিকে যেমন বাবা-ছেলের নিবিড় সম্পর্ককে তুলে ধরে, তেমনই একজন শিল্পীর অন্য শিল্পীর প্রতি শ্রদ্ধাকেও প্রকাশ করে। প্রসেনজিৎ সকল বাবাদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন।








