জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়: চার দিনে ৮২ হাজারের বেশি আবেদন জমা

কলকাতায় নতুন সরকারের জনকল্যাণ শিবিরে চার দিনে উপচে পড়া ভিড়। ৮২ হাজারেরও বেশি নাগরিক আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করেছেন।

Share:

ব্যুরো নিউজ, ২১ জুন ২০২৬ঃ কলকাতায় নতুন সরকারের উদ্যোগে শুরু হওয়া জনকল্যাণ শিবিরগুলিতে প্রথম চার দিনেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সরকারি সুযোগ-সুবিধা এক ছাদের নিচে পাওয়ার আশায় বিপুল সংখ্যক মানুষ এই শিবিরগুলিতে ভিড় জমান। পরিসংখ্যান অনুযায়ী, চার দিনের এই কর্মসূচিতে মোট ৮২ হাজারেরও বেশি নাগরিক বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন জমা দিয়েছেন, যা নতুন প্রশাসনের প্রতি মানুষের আস্থার প্রতিফলন। এই শিবিরগুলিতে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত প্রকল্পগুলিতে। কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পেতে আবেদন করেছেন ৪০ হাজার ৩৩২ জন।

এতদিন রাজ্যের বাসিন্দারা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকলেও, আয়ুষ্মান ভারত দেশের বিভিন্ন প্রান্তে ব্যবহারযোগ্য হওয়ায় এর প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে। মহিলাদের আর্থিক সহায়তার ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাড়া মিলেছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদনকারীর সংখ্যা ১০ হাজার ৩১৪, যেখানে উপভোক্তাদের প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়ার কথা। বার্ধক্য ভাতা প্রকল্পেও ১৮ হাজার ৮১৫ জন আবেদন করেছেন, যার পরিমাণ মাসিক ২ হাজার টাকা করা হয়েছে। বিধবা ভাতার জন্য আবেদন করেছেন ২ হাজার ৫২ জন। রান্নার গ্যাস সংক্রান্ত পিএম উজ্জ্বলা যোজনায় ২ হাজার ৪০০ জন এবং রেশন কার্ড পরিষেবার জন্য প্রায় এক হাজার আবেদন জমা পড়েছে।

আবাসন সংক্রান্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৫৬৮ জন এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থার জন্য পিএম সূর্য ঘর প্রকল্পে প্রায় ৪০০টি আবেদন জমা পড়েছে। মুদ্রা ঋণ, পিএম স্বনিধি, সামাজিক সুরক্ষা কর্মসূচি সহ অন্যান্য কল্যাণমূলক প্রকল্পেও বহু মানুষ আবেদন করেছেন। এই বিপুল সংখ্যক আবেদন সরকারি সহায়তা ও কল্যাণমূলক প্রকল্পের প্রতি নাগরিকদের আগ্রহ বৃদ্ধি স্পষ্ট করে। এখন দেখার, প্রশাসন কতটা কার্যকরভাবে এই পরিষেবাগুলি দ্রুত আবেদনকারীদের কাছে পৌঁছে দিতে পারে।