ব্যুরো নিউজ, ২১ জুন ২০২৬ঃ সোমবার বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হওয়ার আগে রবিবার দলের নেতাদের সঙ্গে বৈঠকে বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি সাফ জানিয়েছেন, আগেভাগেই বাজেটের বিরোধিতা করা যাবে না। বাংলার জন্য কী আছে, তা ভালো করে দেখে, বুঝে তারপরই মন্তব্য করা হবে। কালীঘাটে অনুষ্ঠিত এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতাদের বলেন, একটি সরকার সবে ক্ষমতায় এসেছে, এটি তাদের প্রথম বাজেট। তাদের সময় দিতে হবে। কেন্দ্রের কাছ থেকে রাজ্য সরকার কী কী সুবিধা আনতে পারে, সেদিকে নজর রাখতে হবে।
বাজেট পেশের পর আলোচনার সুযোগ পাওয়া যাবে এবং তখন প্রয়োজনীয় মন্তব্য করা যাবে। আগামীকাল, অর্থাৎ ২২ জুন, পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে শুভেন্দু অধিকারী সরকার। রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার মানুষকে আশ্বস্ত করেছিলেন যে এবারের বাজেটে বিশেষ চমক থাকবে। স্বাভাবিকভাবেই আমজনতা এই নতুন সরকারের বাজেট থেকে কী উপহার পায়, তার অপেক্ষায় রয়েছে।
এই পরিস্থিতিতে, এখনও যে কজন নেতা তৃণমূলের সঙ্গে রয়েছেন, তাঁদের নিয়ে রবিবার কালীঘাটে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বাজেট প্রসঙ্গ ওঠে এবং নেত্রী স্পষ্ট নির্দেশ দেন যে বাজেটের অন্ধ বিরোধিতা করা যাবে না। নতুন সরকারের প্রথম বাজেটকে সময় দিয়ে পর্যবেক্ষণ করার উপর জোর দেন তিনি।







