ব্যুরো নিউজ, ২২ জুন ২০২৬ঃ পশ্চিমবঙ্গ সরকার কলকাতাকে আরও আধুনিক এবং প্রযুক্তিনির্ভর শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সম্প্রতি ঘোষণা করেছেন যে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল হোর্ডিং বসানোর পাশাপাশি তৈরি করা হবে অত্যাধুনিক স্মার্ট ডিজিটাল বাসস্ট্যান্ড। প্রথম ধাপে কলকাতার পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট এবং থিয়েটার রোডে ডিজিটাল হোর্ডিং বসানোর কাজ শুরু হয়েছে, যার মধ্যে দুটি স্থানে ইতিমধ্যেই কাজ শেষ হয়েছে এবং সেখানে ফুটবল বিশ্বকাপের ম্যাচও দেখানো হচ্ছে।
মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এই ডিজিটাল বাসস্ট্যান্ডগুলি সম্পূর্ণ সোলার প্যানেলের মাধ্যমে পরিচালিত হবে, ফলে বিদ্যুতের খরচ সাশ্রয় হবে। যাত্রীদের সুবিধার জন্য প্রতিটি বাসস্ট্যান্ডে মোবাইল চার্জ করার ব্যবস্থা থাকবে। এছাড়াও, ডিজিটাল স্ক্রিনে কোন বাস কখন আসবে, সেই সংক্রান্ত রিয়েল-টাইম তথ্য প্রদর্শিত হবে, যা যাত্রীদের অপেক্ষার সময় সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে। শিশুদের নিয়ে যাতায়াতকারী মায়েদের কথা ভেবে ডায়পার পরিবর্তনের বিশেষ সুবিধাও রাখা হবে। রাজ্য সরকারের এই পরিকল্পনা শুধু কলকাতাতেই সীমাবদ্ধ থাকবে না।
ধাপে ধাপে রাজ্যের অন্যান্য শহরাঞ্চলেও এই ধরনের আধুনিক বাসস্ট্যান্ড তৈরি করা হবে। এর মাধ্যমে রাজ্যের গণপরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগ কলকাতার স্মার্ট সিটি গড়ার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও, সম্প্রতি পুর ও নগরোন্নয়ন দফতর একটি টোল-ফ্রি নম্বর চালু করেছে, যেখানে নাগরিকরা জল জমা, ডেঙ্গি বা রাস্তার খারাপ অবস্থা নিয়ে অভিযোগ জানাতে পারবেন।








