‘এবার শিল্পে অগ্রণী হবে পশ্চিমবঙ্গ, বিরোধীদের বলার জায়গা নেই’, বাজেট নিয়ে আশাবাদী শিল্পমন্ত্রী তাপস রায়

রাজ্যের বাজেটকে 'অভিনব ও সাহসী' বললেন শিল্পমন্ত্রী তাপস রায়। শিল্পে নতুন দিগন্ত, বিনিয়োগ আকর্ষণ, ল্যান্ড ব্যাঙ্ক ও ২৪x৭ ব্যবসার সুযোগের ঘোষণা।

Share:

ব্যুরো নিউজ, ২২ জুন ২০২৬ঃ  সম্প্রতি রাজ্য বিধানসভায় পেশ হওয়া বাজেটকে এক কথায় সাহসী ও সংস্কারমুখী বলে অভিহিত করেছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তাঁর মতে, এই বাজেট শিল্পক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

তিনি অকপটে জানিয়েছেন, “চমৎকার, অভূতপূর্ব বাজেট হয়েছে। বিরোধীদের কিছু বলার জায়গা নেই। শিল্পক্ষেত্রে আমি ভীষণ আশাবাদী। এতদিনে যা হয়নি, তা এবার হবে। শিল্পে আবার পশ্চিমবঙ্গ অগ্রণী ভূমিকা পালন করবে।” এই বাজেটে বাণিজ্য সহজীকরণ ব্যবস্থার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নতুন বিনিয়োগ আকর্ষণ এবং শিল্প পরিকাঠামোকে বিশ্বমানে উন্নীত করতে একাধিক কঠিন সংস্কারের বার্তা দেওয়া হয়েছে। ১০০ কোটি টাকা বা তার বেশি প্রস্তাবিত বিনিয়োগের ক্ষেত্রে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি থেকে আলাদা করে বিল্ডিং প্ল্যান অনুমোদন, ট্রেড লাইসেন্স বা অন্যান্য অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না।

এছাড়াও, শিল্প-বৃদ্ধিকে সুগম করতে এবং ভূ-সম্পত্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে একটি সামগ্রিক ল্যান্ড ব্যাঙ্ক গড়ে তোলার ঘোষণা করা হয়েছে। অব্যবহৃত সরকারি জমি চিহ্নিত করে এই ল্যান্ড ব্যাঙ্ক তৈরি হবে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন, বাণিজ্যিক পরিকাঠামোর সর্বোচ্চ ব্যবহার এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ‘ওয়েস্ট বেঙ্গল শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, ১৯৬৩’ সংশোধনের মাধ্যমে দোকান, রেস্তোরাঁ, অফিসগুলিকে চব্বিশ ঘণ্টা খোলা রাখার অনুমতি দেওয়া হবে। প্রাথমিকভাবে এটি কলকাতা ও বড় শহরাঞ্চলে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে। প্রযুক্তি ও স্টার্ট-আপ ক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা রাজ্যের শিল্পোন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।